প্রকাশ্যে (পাবলিক প্লেসে) ধূমপানের শাস্তি ৫০ টাকা থেকে বাড়িয়ে ১০০ টাকা করতে আইন সংশোধনের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ (সংশোধন) আইন ২০১২’ এর খসড়ায় এই নীতিগত অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মো. মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের জানান, খসড়াটি এখন মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের সম্মতি পেলে চূড়ান্ত অনুমোদনের খসড়াটি আবারো মন্ত্রিসভায় তোলা হবে।
সচিব জানান, সংশোধিত খসড়ায় ‘পাবলিক প্লেসের’ সংজ্ঞা নতুন করে নির্ধারণ করা হয়েছে। এ আইন বাস্তবায়নে ব্যর্থ হলে ‘পাবলিক প্লেসের’ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে ৫০০ টাকা জরিমানার বিধান যোগ করা হয়েছে।
এছাড়া তামাকজাত পণ্যের বিজ্ঞাপন ও প্রচার করলে ৩ মাসের বিনাশ্রম কারাদ- এবং ১ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান করার বলা হয়েছে আইনের খসড়ায়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব জানান, প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা মসিউর রহমানও মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত ছিলেন।
মন্ত্রিসভার বৈঠকের পর উপদেষ্টা প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন বলেও জানা গেছে।
পদ্মা সেতুতে অর্থায়ন নিয়ে বিশ্ব ব্যাংকের শর্তের কারণে পদত্যাগের গুঞ্জনের মধ্যে মসিউর রহমান রোববার সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী চাইলে এবং জটিলতার অবসান হলে সরে যেতে তার আপত্তি নেই।
“আমি পদত্যাগ করলে যদি ২ দশমিক ৯ বিলিয়ন ডলারের ঋণের সুরাহা হয় তাহলে আমি একবার কেন, দশবার পদত্যাগ করব। তবে যদি কোনো অভিযোগ থাকে, তাহলে সেগুলোর সাক্ষ্য প্রমাণ দিতে হবে এবং আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে”, বলেন তিনি।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন