তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগ নেতারা জামানত হারাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ভয়ে আওয়ামী লীগ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনে আসতে চাচ্ছে না বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
শনিবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে বিএনপির এক সভায় তিনি এসব কথা বলেন।
দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন করতে দেয়া হবে না ঘোষণা দিয়ে নির্দলীয় সরকার প্রতিষ্ঠায় খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন গড়ে তুলতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল।
তিনি বলেন, “এই সরকারের প্রতি দেশের মানুষের আর আস্থা নেই। সরকার সব ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। দেশের মানুষকে একটু স্বস্তি- দিতেও তারা ব্যর্থ।”
সভায় বিএনপি নেতা-কর্মীদের দলীয় শৃঙ্খলা মেনে চলার পরামর্শ দেন ভারপ্রাপ্ত মহাসচিব।
সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক তৈমুর রহমান, সাংগঠনিক সম্পাদক পয়গাম আলী, ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ, যুবদলের আহ্বায়ক মহেবুল্লাহ আবু নূর ও মহিলা দলের আহবায়ক ফোরাতুন নাহার।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন