দেশ নিউজ: আইভরি কোস্টের বাণিজ্যিক রাজধানী আবিদজানে এক সেনা ক্যাম্পে বন্দুকধারীদের হামলায় এক হামলাকারীসহ পাঁচ সেনা নিহত হয়েছে। আবিদজানের আকোউয়িদো আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
সোমবার ভোরে এ ঘটনা ঘটে বলে দেশটির সামরিক কর্মকর্তারা জানিয়েছেন।
ঘটনাস্থলে উপস্থিত পুলিশের এক কর্মকর্তা জানান, সোমবার ভোর সাড়ে তিনটার দিকে অজ্ঞাত বন্দুকধারীরা ক্যাম্পটিতে হানা দেয়। তিন ঘণ্টা বন্দুকযুদ্ধের পর এলাকাটির নিয়ন্ত্রণ ফিরে পায় সেনাবাহিনী। ভারী অস্ত্রে সজ্জিত বেসামরিক পোষাক পরা হামলাকারীরা ক্যাম্পটি থেকে প্রচুর অস্ত্রশস্ত্র নিয়ে গেছে।
বন্দুকযুদ্ধে আরো পাঁচ সেনা আহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী। এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার পর থেকে এক সেনা নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন তিনি।
এলাকাটিতে কয়েকডজন সরকারী সেনা ও জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সেনাসহ পাঁচটি সাঁজোয়া যান মোতায়েন করা হয়েছে।
আগের দিন রোববার আবিদজানের অন্য একটি এলাকায় একটি পুলিশ স্টেশনে ও সেনা তল্লাশী চৌকিতে একই ধরনের আর একটি হামলায় আরো পাঁচ সেনা নিহত হয়।
এসব ঘটনায় পশ্চিম আফ্রিকার এই দেশটিতে আবারো সহিংসতা ছড়িয়ে পড়ছে বলে আশঙ্কা করা হচ্ছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন