দেশ নিউজ: বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার সরকারের সমালোচনা করে বলেছেন, ড. মুহম্মদ ইউনূসের মতো ব্যক্তিত্বকে দেশের কাজে না লাগিয়ে বরং হেয় প্রতিপন্ন করা হচ্ছে। তার সম্পত্তির হিসাব চেয়ে বিশ্বের কাছে তাকে ছোট করা হচ্ছে।
তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে একাজ থেকে বিরত থাকতে সরকারের প্রতি আহ্বান জানান।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষক সমিতি আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে এমকে আনোয়ার বলেন, ‘‘আপনি ও আপনার মন্ত্রিপরিষদের সদস্যরা সম্পদের হিসাব দিতে চেয়ে এখনো দেননি। এর অর্থ এই যে, এই ক’বছরে আপনাদের সম্পত্তি এতো বেশি বেড়ে গেছে যে, এখন আর তার হিসাব দেওয়া সম্ভব নয়।’’
``বর্তমান সরকার যেসব প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল, তার কোনোটাই পূরণ করেনি। বরং যা যা করার কথা নয়, তাই করে চলেছে `` বলেও মন্তব্য করেন তিনি।
``দেশে এখন এক অভূতপূর্ব পরিস্থিতি বিরাজ করছে`` উল্লেখ করে এমকে আনোয়ার আরো বলেন, ``এ সরকারকে আর কিছুদিন ক্ষমতায় থাকতে দিলে দেশের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তাই খালেদা জিয়ার নেতৃত্বে চলমান আন্দোলন সফল করে সরকারের পতন ঘটিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার কায়েম করতে হবে।``
সংগঠনের চেয়ারম্যান শেখ মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জামায়াতের কর্মপরিষদ সদস্য হামিদুর রহমান আযাদ এমপি, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের অতিরিক্ত মহাসচিব মো. জাকির হোসেন প্রমুখ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন