কুমিল্লায় এক ইউপি সদস্যকে অপহরণের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে স্থানীয়রা। আটক করে পুলিশে দেওয়া হয়েছে দুজনকে।
সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আলী আক্কাছকে মঙ্গলবার বিকালে তুলে নেয় দুর্বৃত্তরা। এর পর রাতেই তাকে উদ্ধার করা হয়।
সদর দক্ষিণ থানার ওসি জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আক্কাছ মেম্বারকে প্রতিপক্ষের লোকজন পদুয়ার বাজার বিশ্ব রোডে পিস্তল ঠেকিয়ে একটি অটোরিকশায় তুলে নেয়।
সন্ধ্যায় আদর্শ সদর উপজেলার কৃষ্ণপুর বড় পুকুরপাড় এলাকায় স্থানীয়রা ওই অটোরিকশা আটকে ফেলে। জনতা দুই অপহরণকারীকে আটক করলেও বাকি চারজন পালিয়ে যায় বলে ওসি জানান।
জনতার হাতে আটক হরেষপুর গ্রামের আবুল কালাম ও আবুল হাসেমকে রাত ৯টার দিকে পুলিশে তুলে দেওয়া হয়।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন