জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) ১৬তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে চার দিনের সফরে ইরান গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১২০ দেশের এই জোটের শীর্ষ সম্মেলন ৩০ ও ৩১ অগাস্ট তেহরানের ওআইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বুধবার সকাল সাড়ে ১০টায় বিমানের একটি বিশেষ ফ্লাইটে তেহরান রওনা হন প্রধানমন্ত্রী।
বিমানবন্দরে তাকে বিদায় জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী, বিমানমন্ত্রী ফারুক খান, তিন বাহিনীর প্রধানসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।
তেহরানের স্থানীয় সময় দুপুর আড়াইটায় শেখ হাসিনার মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে। ইরানে বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার আব্দুস সাত্তার ও ইরান সরকারের প্রতিনিধিরা বিমানবন্দরে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাবেন।
তেহরানে পার্সিয়ান ইস্তেগলাল হোটেলে অবস্থান করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী ৩০ অগাস্ট ন্যাম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। বিকাল ৩টার পর মূল অধিবেশনের সাধারণ আলোচনায় বক্তব্য রাখবেন তিনি।
পরে শেখ হাসিনা অন্যান্য রাষ্ট্র প্রধান ও সরকার প্রধানদের সঙ্গে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমদিনেজাদের দেওয়া এক নৈশ ভোজে যোগ দেবেন।
শেখ হাসিনা ১ সেপ্টেম্বর সন্ধ্যায় দেশে ফিরবেন।
স্আয়ুযুদ্ধের কালে ১৯৬১ সালে জোট নিরপেক্ষ আন্দোলন (ন্যাম) প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এর সদস্য সংখ্যা ১২০। এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার উন্নয়নশীল অধিকাংশ দেশ এই জোটের সদস্য। এ ছাড়া এতে কয়েকটি পর্যবেক্ষক দেশ ও সংস্থাও রয়েছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন