চারঘাটে একটি আন্তঃনগর ট্রেন লাইনচ্যুত হওয়ায় ঈদের এই ব্যস্ত সময়ে রাজশাহীর সঙ্গে ঢাকা ও খুলনার রেল চলাচল বুধবার বিকাল থেকে বন্ধ রয়েছে।
রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস বুধবার বিকাল সোয়া ৫টার দিকে চারঘাট উপজেলার সারদা স্টেশনের কাছে দুর্ঘটনায় পড়ে। এর কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি করা হয়েছে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাজশাহী ও ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। লাইন ঠিক হয়ে গেলেই ট্রেন চলাচল শুরু করা যাবে।
বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে রাজশাহী স্টেশন থেকে ঢাকার পথে রওনা হয় পদ্মা এক্সপ্রেস। সোয়া ৫টার দিকে সারদা স্টেশন থেকে ৫০ গজ দূরে এটি লাইনচ্যুত হয় বলে পশ্চিমাঞ্চল রেলওয়ের জ্যেষ্ঠ উপ-সহকারী প্রকৌশলী জলিল উদ্দিন আহমেদ জানান।
তিনি সংবাদ24 কে বলেন, “ট্রেনের পেছনের দুটি এসি বগি ও একটি খাবারের বগি কাত হয়ে উল্টে যায়। এ সময় রেল লাইনের স্লিপার উঠে যায়।”
দুর্ঘটনায় ১৫ জন আহত হন বলে রেল কর্মকর্তারা জানান। তবে দুর্ঘটনার পর লাইনচ্যুত বগিগুলো রেখেই ট্রেনটি ঢাকায় রওনা হয়।
রেল কর্মকর্তা জলিল বলেন, এই দুর্ঘটনার পর ঢাকা, খুলনা ও চিলাহাটি থেকে রাজশাহীমুখী এবং রাজশাহী থেকে চলাচলকারী সব রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
এদিকে পদ্মা এক্সপ্রেস দুর্ঘটনায় পড়ার কারণ অনুসন্ধানে চার সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। পাকশীর বিভাগীয় পরিবহন কর্মকর্তা সজিব কুমারকে প্রধান করে গঠিত এ কমিটিকে ৩ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন