অবৈধভাবে ভারতে গিয়ে ধরা পড়ে কয়েকবছর কারাভোগ করে ফিরেছেন ৫০ জন বাংলাদেশি।
শুক্রবার বেনাপোল স্থলবন্দর হয়ে দেশে ফেরেন এই বাংলাদেশিরা। তারা পাকিস্তান সীমান্তবর্তী কাশ্মিরে আটক হয়েছিলেন।
বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশন’র ওসি মো. কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফিরে আসাদের মধ্যে ৪১ জন পুরুষ, চারজন নারী ও পাঁচটি শিশু রয়েছে।
“এরা ভালো চাকরির আশায় দালাল ধরে পাকিস্তানে যাওয়ার সময় জম্মু-কাশ্মির সীমান্তে আটক হয়েছিলেন,” বলেন তিনি।
এদের বাড়ি সুনামগঞ্জ, ঢাকা, কক্সবাজার, বান্দরবান, চাঁদপুর, চট্টগ্রাম, হবিগঞ্জ, নারায়ণগঞ্জ ও ফেনী জেলায়। তারা ভারতের কাশ্মির রাজের বিভিন্ন কারাগারে চার থেকে পাঁচ বছর কারাবন্দি ছিলেন।
ফেনীর ফুলগাজী থানার নুরপুর গ্রামের বাদশা মিয়া কালু সাংবাদিকদেরকে বলেন, “সংসারে অভাব-অনটনের কারণে দালালের মাধ্যমে ভালো কাজের আশায় আমরা ৪ বছর আগে ভারতে যাই।”
তিনি জানান, ভারত হয়ে সড়ক পথে পাকিস্তান যেতে তারা প্রত্যেকে দালালদের ২০ হাজার টাকা দিয়েছিলেন। কিন্তু যাওয়ার পথে ধরা পড়েন তারা।
বাদশার অভিযোগ, ভারতীয় পুলিশ আটকের পর তাদের ওপর নির্যাতন চালায়। এরপর আদালত তাদের কারাদণ্ডাদেশ দেয়।
ফিরে আসা বাংলাদেশিদের গ্রহণ করে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির যশোর শাখার সমন্বয়ক নাসিমা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আপাতত এদেরকে শেল্টার হোমে রাখা হবে। দাপ্তরিক নিয়মকানুন মেনে অভিভাবকদের কাছে তাদের ফেরত দেওয়া হবে।”
ফেরত আসারা হলেন- নূরুল ইসলাম (২৭), মনফুর আলী (২০), আলম (৩৫), আবুল কালাম (২৫), মোস্তাক মিয়া মোস্তাফিজ (৩৫), কালাম পাশা (২৭), ফারুক (২৩), আব্দুল মালেক (২১), মাকসুদা বেগম (৫০), ফাতেমা বেগম (২৫), মুন্নী (০৫), নুরুন্নবী (২৮), আব্দুল মোতালেব (৩০), সুমন মিয়া (২৫), বাদশা মিয়া (৫৭), সামছুল হক (৫৫), ইয়ার আহম্মেদ (২৯), আব্দুস শহীদ (৪০), জামাল উদ্দীন (৩৭), মো. ইউনুচ (২৫), আব্দুল মতিন (৪২), আব্দুল হাই (৫৯), ইউনুচ নবী চৌধুরী (২৯), জাবেদ আহম্মেদ লিয়াকত (৫০), আসিব (২৪), নূরনবী (৩৮), সালাউদ্দীন (৩৮), কফিল উদ্দিন (২৪), হোসেন খলিফা (৪১), আব্দুল ছালাম (৩৫), মোবারক (৩০), শাহাবুদ্দিন (২৯), ছিদ্দিক (৫৫), ফেরদৌস (৩০), সামসুল আলম (১৯), সোহেল (০৭), তায়েবা (২৭), হাবিবা (০৯), আব্দুল করিম (০৮), তৌফিক (০৩), নূর মোহাম্মদ (৬৫), রফিক (৩৮), নূর (২৪), হোসেন আহম্মেদ (২৬), আবুল কাশেম (৫০), সানাউল্লাহ সিকদার (৩২), জাহান উল্লাহ সিকদার (৫৫), জুয়েল মিয়া (১৫), আব্দুর রহিম (৪৭) ও ওয়ারিস আলী (২০)।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন