ঈদুল ফিতরের পরদিনই সকালের ফ্লাইটে নিজের বাড়িতে বেড়াতে যান চিত্রনায়িকা ববিতা। মূলত বাবার বাড়ির আত্মীয়-স্বজনের সঙ্গে বেশ কিছুটা সময় কাটানোর জন্যই যশোরে যান তিনি। তবে এবার তার আত্মীয়-স্বজন তাকে বিশেষভাবে একটা অনুরোধ রাখতে বলেন।
আর সেটা হলো এবারের ঈদে তারই অভিনীত মুক্তিপ্রাপ্ত ছবি ‘খোদার পরে মা’ সবাইকে সঙ্গে নিয়ে উপভোগ করা। ববিতা সবার কথায় শেষ পর্যন্ত রাজি হলেন। কিন্তু ছোট্ট একটা শর্ত জুড়ে দিলেন আর তা হলো হলে বসে তিনি ছবি ঠিকই দেখবেন কিন্তু বিষয়টি গোপন রাখতে হবে। হল কর্তৃপক্ষের সঙ্গে এ ব্যাপারে কথা বলে বিষয়টি নিশ্চিত করা হলো। এদিকে যশোরের মনিহার সিনেমা হলটি বন্ধ হয়ে যাবার কথা থাকলেও মালিক পক্ষ শেষ পর্যন্ত তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে এর ভেতরকার সৌন্দর্য বৃদ্ধি করে শাহীন-সুমন পরিচালিত ‘খোদার পরে মা’ ছবিটি দিয়ে আবারও মনিহারের যাত্রা শুরু হয়েছে। আর পুনঃযাত্রার এই ক্ষণেই মনিহারের সব দর্শকের সঙ্গে এবং প্রায় ত্রিশজন আত্মীয় স্বজনের সঙ্গে বসে গত ২২শে আগস্ট সন্ধ্যার শোতে ছবিটি উপভোগ করেন ববিতা। ববিতা বলেন, আমি বোরকা পরে মনিহার হলে গিয়েছিলাম। হলভর্তি দর্শকের সঙ্গে বসেই ছবিটি উপভোগ করেছি। দর্শক ছবিটি বেশ উপভোগ করেছে। বিশেষ করে বিরতির পরতো দর্শক পিনপতন নীরবতার মধ্য দিয়ে ছবিটি উপভোগ করেছে। আমি নিজেও অভিনয় দেখে নিজেকে বিশ্বাস করতে পারিনি। ববিতা জানান শিবলী সাদিক পরিচালিত সুচন্দা প্রযোজিত ‘তিন কন্যা’ ছবিটি মুক্তির পর ১৯৮৬ সালে মনিহারে বসে তিন বোনসহ আরও অনেকেই ছবিটি উপভোগ করেছিলেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন