সংবাদ 24: ফকিরেরপুলের এক বাড়িতে জাকাতের কাপড় নিতে গিয়ে প্রচণ্ড ভিড়ে পদপিষ্ট হয়ে মারা গেছেন ৩ দরিদ্র নারী। আহত হয়েছেন আরো অন্ততপক্ষে ১০ জন। গুরুতর আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বাড়িটির তত্ত্বাবধায়ককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
সন্ধ্যা ৭ টার কিছু পরে মতিঝিল থানার উপপরিদর্শক বেলায়েত জানিয়েছেন ফকিরেরপুলে বড় মসজিদের কাছে মরুহুম আব্দুল মালেক’র বাড়ির সামনে থেকে নিহত তিনজনের মৃতদেহ পুলিশ উদ্ধার করেছে।
তিনি জানান, ফকিরেরপুলের ১০৫ নম্বর ওই বাড়িতে জাকাত হিসেবে কমদামি কাপড় বিলি করা হচ্ছিল।
নিহতদের দুজনের নাম পরিচয় জানা গেছে। তারা হলেন ময়না বেগম (৪০) ও জরিনা বেগম (৩৫)।
ময়না বেগমের গ্রামের বাড়ি লক্ষীপুরের রায়পুর, জরিনা বেগমের লালমনিরহাটে। অপর একজনের নাম পরিচয় জানা যায়নি। পুলিশ ধারণা করছে তার বয়স ষাটের কাছাকাছি হতে পারে। আহত নারীর নাম রেনু বেগম (৩৫)।
পরে রাত ৯ টায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: হায়াতুজ্জামান জানান, আব্দুল মালেকের বাড়িটির তত্ত্বাবধায়ক মো. আকতার হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
তিনি জানান, সাততলা বাড়িটির মালিকরা জাকাতের কাপড় বিলি করছিল। ওই ভবনের তিন তলা পর্যন্ত বিপণি বিতান, ওপরের তলাগুলোজুড়ে আবাসিক হোটেল।
‘লাকি সেভেন’ নামের হোটেলটির মালিক ছিলেন মরহুম মালেক, তার ওয়ারিশরা এখন হোটেলটি পরিচালনা করেন। আকতার হোসেন এর তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন