অস্ট্রেলিয়ায় সিগারেট বিক্রিতে কঠোর সরকারি আইন ঘোষণা করেছে দেশটির সর্বোচ্চ আদালত। ঘোষিত আইন অনুযায়ি সিগারেট প্যাকেটজাত করার সময় প্যাকেটে উল্লেখিত ব্রান্ডে কোনো ধরনের রঙ ও লোগো সংযোজন করা যাবে না। এবং ওই আইন দেশটিতে ব্যবসারত সকল সিগারেট কোম্পানিগুলোর জন্য বাধ্যতামূলক করা হয়েছে। যাকে ধুমপান বিরোধী সংগঠনগুলো ও দেশটির সরকার স্বাগত জানিয়েছে।
বুধবার প্রদত্ত রায়ে আদালত জানিয়েছে, এই আইন আগামী ডিসেম্বরের ১ তারিখ থেকে অবশ্যই কার্যকর হতে হবে।
এই আইন অনুযায়ি সিগারেট কোম্পানিগুলোকে আরো কিছু নিয়ম অবশ্যই মেনে চলতে হবে। যেমন কেবল মাত্র জলপাই রঙের প্যাকেটে অবশ্যই বড় করে ধূমপানের পরিণতির ওপর সাবধানবাণীর ছবি সংযোজন করেই তা বিক্রি করতে হবে।
এদিকে ধুমপান বিরোধী সব সংগঠন এই আইনকে স্বাগত জানালেও বিশ্বের শীর্ষ সিগারেট কোম্পানিগুলো যেমন-বৃটিশ আমেরিকান টোবাকো এবং বৃটেন ইমপেরিয়াল টোবাকো, জাপান টোবাকো, ফিলিপ মরিস জানিয়েছে তারা এই এই আইনকে চ্যালেঞ্জ করবে।
জানা যায়, গত বছরই অস্ট্রেলিয়ান সরকার পার্লামেন্টে এই আইনটি পাস করে। কর্তৃপক্ষ সেসময় বলেছিল, তাদের বিশ্বাস সিগারেটের প্লেইন প্যাকেজিং আইন দেশে ধূমপায়ীর সংখ্যা হৃাস করতে সাহায্য করবে। কিন্তু শীর্ষ সিগারেট কোম্পানিগুলো সরকারের এই আইনকে চ্যালেঞ্জ করে আদালতের সরণাপন্ন হয়। তবে বুধবার আদালত সরকারি ওই আইন বহাল রাখে।
সিগারেট কোম্পানিগুলো বলছে, সিগারেটের প্যাকেট থেকে ব্রান্ডের নাম ও রঙ মুছে দিলে তারা আর্থিকভাবে আকস্মিক ক্ষতির মুখে পড়বেন। এছাড়া এই আইন কার্যকর হলে বাজারে নকল পণ্য ঢুকে পড়বে বলেও মনে করেন তারা।
বৃটিশ আমেরিকান টোবাকো অস্ট্রেলিয়ার (বিএটি) একজন মুখপাত্র স্কট ম্যাকিনটায়ার বলেন, এটি এখনো একটি খারাপ আইন যা কেবল আমাদের রাস্তায় বিক্রি করা অবৈধ তামাক ব্যবসায়ীদেরই সাহায্য করবে। সূত্র: বিবিসি/আল জাজিরা

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন