বিদায়ের সুর বেজে উঠেছে লন্ডনে। অলিম্পিকের মাঠের লড়াইয়ে আজই শেষ দিন। কাল পর্দা নেমে যাবে বিশ্বের সবচেয়ে বড় এই ক্রীড়া আসরের। শেষ দিনে দর্শকদের জন্য আকর্ষণ কিন্তু আকাশছোঁয়া। উসাইন বোল্ট ৪০০ মিটার রিলেতে তাঁর তিন জ্যামাইকান সতীর্থকে নিয়ে ট্র্যাকে নামবেন। নেইমার-পাতোরা ওয়েম্বলিতে নামবেন অলিম্পিক ফুটবলে ব্রাজিলের অধরা শ্রেষ্ঠত্বের দখল নিতে। ব্রিটেনের দৌড়বিদ মো ফারাহ স্বাগতিকদের শেষটাকে মধুময় করতে নামবেন পাঁচ হাজার মিটারের সোনা জয়ের লক্ষ্যে। আবেগ-উত্তেজনায় ঠাসা এক দারুণ সমাপ্তি লগ্নই অপেক্ষা করে আছে ক্রীড়ানুরাগীদের জন্য।
মাঠের লড়াইয়ের শেষ দিনে আছে হকির আকর্ষণীয় ফাইনাল। হকির শ্রেষ্ঠত্বের লক্ষ্যে এবার ফাইনালে মুখোমুখি জার্মানি ও নেদারল্যান্ড। হকি অনুরাগীদের কাছে এ এক ক্লাসিক লড়াই-ই। বক্সিংয়ের পাঁচটি ইভেন্টের সোনাজয়ীর নাম চূড়ান্ত হবে আজ। অনুষ্ঠিত হবে ছেলে ও মেয়েদের হ্যান্ডবল ফাইনাল। মেয়েদের ভলিবল ও বাস্কেটবলেরও ফাইনাল খেলা আজ।
জ্যামাইকার রিলে দলের সামনে আজ লক্ষ্য অনেক কিছুরই। মেয়েদের ৪০০ মিটার রিলের ফাইনালে যুক্তরাষ্ট্রের কাছে হেরেছেন জ্যামাইকার মেয়েরা। তার প্রতিশোধের চেয়েও বড় ব্যাপার অলিম্পিকের ইতিহাসে নিজেদের অমর করে রাখা। উসাইন বোল্টের নেতৃত্বে জ্যামাইকান রিলে বাহিনী বেইজিংয়ের পুনরাবৃত্তি ঘটাতে পারলেই ঢুকে যাবেন ইতিহাসে। ১০০ ও ২০০ মিটারে সোনা জয়ের পর নিজের ‘শেষ ভালো’র জন্য মরিয়া অ্যাথলেটিকসের এই ‘জীবন্ত কিংবদন্তি’।
ফুটবলে ব্রাজিল ও মেক্সিকোর খেলা দেখতে অবশ্যই দর্শকদের ঢল নামবে ওয়েম্বলিতে। এই ম্যাচেও আছে নতুন ইতিহাসের সাক্ষী হওয়ার হাতছানি। মেক্সিকো প্রথমবারের মতো আছে অলিম্পিক ফুটবলের পদক লড়াইয়ে। ব্রাজিল জিতলে তো তারা নাগাল পাবে ‘সোনার হরিণের’। অলিম্পিক ফুটবলে সোনার পদকটি যে সোনার হরিণ হয়েই রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের কাছে।
পদক তালিকায় ইতিমধ্যেই চীনকে পেছনে ফেলেছে যুক্তরাষ্ট্র। ৪১টি সোনা নিয়ে তাঁরা এ মুহূর্তে আছে শীর্ষে। দ্বিতীয় স্থানে থাকা চীনের ৩৭টি পদক হলেও আজ শেষ দিনে তাদের আরও ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য যুক্তরাষ্ট্রের। ব্রিটেন তৃতীয় স্থানে আছে ২৫টি সোনা নিয়ে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন