আফগানিস্তানে একসঙ্গে নাচ-গান করার তথাকথিত অভিযোগে ১৭ নারীপুরুষের শিরশ্ছেদ করেছে তালেবান জঙ্গিরা। সোমবার তাদের মস্তকহীন দেহ পাওয়া গেছে দেশটির দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে।
নিহতদের মধ্যে ১৫ জন পুরুষ ও ২ জন নারী বলে কর্মকর্তারা জানিয়েছে।
হেলমান্দের প্রাদেশিক রাজধানী লস্কর ঘা থেকে ৪৬ মাইল উত্তরে মুসা কালা জেলার একটি বাড়িতে নিহতদের লাশ পাওয়া যায় বলে জেলা গভর্নর নিমাতুল্লাহ জানিয়েছেন।
নিমাতুল্লাহ রয়টার্সকে বলেন, ‘রোববার দিবাগত রাতে ওই নারীপুরুষেরা যখন নাচ-গান করছিল তখন তাদের ওপর তালেবান হামলা চালায়’।
তবে এ হত্যার দায় এখনো পর্যন্ত কেউ স্বীকার করেনি।
হেলমান্দের গভর্নরের মুখপাত্র দাউদ আহমাদি জানিয়েছেন, বিষয়টি তদন্তে সেখানে একটি দল পাঠানো হয়েছে।
অতিরক্ষণশীল আফগানিস্তানে অনাত্মীয় নারী-পুরুষ মেলামেশা করতে পারে না। আর নারীপুরুষের একসঙ্গে কোনো পার্টিতে নাচ-গান করা বিরল ও অত্যন্ত গোপন একটি বিষয়।
নারী-পুরুষের মেলামেশার বিষয়ে তালেবান গোষ্ঠী প্রকাশ্যে তাদের কট্টর অবস্থান জানিয়ে থাকে।
২০০১ সালে যুক্তরাষ্ট্র সমর্থিত আফগান বাহিনী দেশটিতে তালেবান শাসনের অবসান ঘটানোর আগে পাঁচ বছর শাসন ক্ষমতায় ছিল। ওই সময় নারীদের ভোটাধিকার রহিত করা হয়, তাদের বাইরে কাজ করার অধিকার ছিল না। নারীরা স্বামী বা নিকটাত্মীয় পুরুষ সঙ্গী ছাড়া বাড়ির বাইরে বেরুতে পারতো না।
বর্তমানে এই অবস্থার অনেকটাই পরিবর্তন হয়েছে। কিন্তু তালেবান গোষ্ঠী প্রায়ই এর বিরুদ্ধে চোরাগোপ্তা হামলা চালিয়ে থাকে।
এ কারণে নারীদের জন্য পৃথিবীর অন্যতম অনিরাপদ স্থানে পরিণত হয়েছে আফগানিস্তান।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন