পাকিস্তানের কামরায় দেশটির সর্ববৃহৎ বিমান ঘাঁটিতে বৃহস্পতিবার হামলা চালিয়েছে জঙ্গিরা। এতে ৯ জন নিহত হয়েছে বলে জানা গেছে।
ইসলামি জঙ্গিরা রকেট প্রপেলড গ্রেনেড, স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্রসহ হামলা চালায়। দেশটির বিমান বাহিনীর এক মুখপাত্র এ তথ্য জানান।
পরমাণু অস্ত্র সমৃদ্ধ পাকিস্তানের শক্তিশালী সেনা বাহিনীর জন্য ইসলামি জঙ্গিরা ক্রমশ হুমকি হয়ে উঠছে।
পাঞ্জাব প্রদেশের কামরার মিনহাস বিমান ঘাঁটিতে জঙ্গিরা হামলায় চালায়। এতে একটি বিমান ধ্বংস হয়েছে।
ওই মুখপাত্র আরো জানান, পাকিস্তানের কোনো বিমান ঘাঁটিই পরমাণু বিমান ঘাঁটি নয়।
জঙ্গিরা বিমান ঘাঁটিতে হামলা চালানোর পর কয়েক ঘণ্টা পাকিস্তানি বাহিনীর সঙ্গে লড়াই করে। হামলার পরপরই কমান্ডোদের ডেকে পাঠানো হয়। সশস্ত্র পুলিশও ঘটনাস্থলে ছুটে যায়।
লড়াইয়ে ৮ জঙ্গি ও একজন সৈনিক নিহত হয়েছে।
বিমান বাহিনীর মুখপাত্র জানান, আত্মঘাতী জঙ্গিদের ঠেকানোর জন্য নিরাপত্তা বাহিনী জঙ্গিদের লক্ষ করে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। জঙ্গিরাও বিমান রাখার হ্যাঙ্কারের দিকে এগোনোর চেষ্টা করে। পাশাপাশি ঘাঁটির বাইরে থেকে অপর জঙ্গিরা ঘাঁটির ভেতরে রকেট প্রপেলড গ্রেনেড হামলাও চালিয়েছে।
বিমান ঘাঁটির কমান্ডার এয়ার কমোডর মুহাম্মাদ আজম লড়াইয়ে আহত হয়েছেন। তবে তার অবস্থা স্থিতিশীল। জঙ্গিদের বিরুদ্ধে এই অভিযানে তিনি নেতৃত্ব দিয়েছেন।
জানা গেছে, ওই অঞ্চলের আশপাশ নিবিড় ভাবে তল্লাশি চালানো হচ্ছে। পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।
রাজধানী ইসলামাবাদের ৪৫ মাইল উত্তরপূর্বাঞ্চলে মিনহাস বিমান ঘাঁটিটি অবস্থিত। এর কাছাকাছি অ্যারোনটিক্যাল কমপ্লেক্সের অবস্থান।
পাকিস্তানের বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ গবেষণা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড এই কমপ্লেক্সকে কেন্দ্র করেই সম্পন্ন হয়। এখানেই পাকিস্তান চীনের সহায়তায় জেএফ-১৭ যুদ্ধবিমান তৈরি করে থাকে।
২০০৭ ও ২০০৯ সালে ওই অ্যারোনটিক্যাল কমপ্লেক্সে আত্মঘাতী হামলা চালানো হয়। তবে তারা নিরাপত্তা ব্যুহ ভেদ করতে পারে নি।
তবে জঙ্গিরা কীভাবে বিমান ঘাঁটিতে ঢুকলো তা পরিষ্কার নয়। রাত বৃহস্পতিবার ভোররাত ২ টার দিকে এই হামলা চালানো হয়। আর ঠিক এই সময়েই রমজান মাসের কারণে অনেক সেনা ঘুম থেকে উঠে খাদ্যগ্রহণ করে থাকে এবং নামাজ পড়ে থাকে।
বিমান ঘাঁটির কাছাকাছি বসবাসকারী ফাহিমুল্লাহ খান জানান, যখন গোলাগুলির শব্দ হচ্ছিল তখন তিনি মসজিদে প্রার্থনারত অবস্থায় ছিলেন। তার মনে হয়েছিল, সেনাবাহিনী সম্ভবত তাদের কোনো প্রশিক্ষণ পরিচালনা করছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন