২০ ঘণ্টারও বেশি সময় পর রাজশাহী স্টেশনের সঙ্গে ঢাকা, খুলনা ও উত্তরাঞ্চলের সরাসরি রেলযোগাযোগ চালু হয়েছে। বুধবার বিকেল সাড়ে চারটার দিকে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনটি চারঘাটের সারদা স্টেশনে লাইনচ্যুত হয়ে পড়ে। এরপর থেকে রাজশাহীর সঙ্গে অন্যান্য জেলার সরাসরি রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়।
রেলওয়ের বিভাগীয় পরিবহণ কর্মকর্তা সুজিত কুমার জানান, সারা রাত চেষ্টার পর পদ্মা এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত চারটি বগির দুটি লাইনে তোলা হয়েছে। একটি বগি তোলার কোনো অবস্থা নেই। সেটিকে মাটিতে নামিয়ে (গ্রাউন্ডে) রাখা হয়েছে। বেলা একটা নাগাদ অবশিষ্ট বগিটি তুলে লাইন মেরামতের কাজ শেষ হয়।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকে ছয়টি ট্রেন রাজশাহীতে ঢুকতে পারেনি। যেসব ট্রেন খুলনা থেকে ঈশ্বরদী হয়ে রাজশাহীতে এবং উত্তরাঞ্চলের যেসব ট্রেন নাটোর হয়ে রাজশাহীতে আসে, সেসব ট্রেন ঈশ্বরদী ও নাটোর আসার পর ফিরে গেছে। ওই সব ট্রেনের রাজশাহীর যাত্রীদের টিকিট বৃহস্পতিবার সকালে ফেরত দেয়া হয়েছে। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।
বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে সারদা স্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় পেছনের চারটি বগি লাইনচ্যুত হয়ে যায়। পরে ওই সব বগির যাত্রীদের ট্রেনের অন্য বগিতে তুলে নিয়ে ট্রেনটি সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে।
ঘটনা তদন্তে পঞ্চিমাঞ্চলীয় রেলওয়ে ডিভিশনাল পরিবহণ কর্মকর্তাকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে অবিলম্বে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন