কুমিল্লা: ১৬ আগস্ট: কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ২৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে কুমিল্লা-নোয়াখালী সড়কে লাকসামের চন্দনা কৃষ্ণপুর নামক স্থানে এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির রায়পুরে দুর্ঘটনা দু’টি ঘটে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের তিন যাত্রীর মৃত্যু হয় এবং আহত হন ২০ জন।
জানা গেছে, নোয়াখালীর চাটখিলে একটি ঠিকাদারী প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকরা ঈদের ছুটিতে গ্রামের বাড়ি চাপাইনবাবগঞ্জ যাওয়ার উদ্দেশে বাসটিকে ভাড়া করে। ভোরে বাসটি লাকসামের চন্দনা কৃষ্ণপুরে পৌঁছালে দুর্ঘটনা কবলিত হয়। দুর্ঘটনায় আহতদের লাকসামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়েছে।
এদিকে সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির রায়পুরে পৃথক আরেকটি দুর্ঘটনায় কাভার্ডভ্যান ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন