১৮ দলীয় জোট আন্দোলন থেকে পিছু হটেছে সরকারি দলের নেতাদের এমন বক্তব্য নাকচ করে দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আমরা আওয়ামী লীগের মতো জ্বালাওপোড়াও করবো না, ক্রমাগত হরতাল করবো না। এই না করার কারণে যদি তারা মনে করে আন্দোলন দুর্বল হয়েছে তবে তা ভুল। জনগণের স্বার্থ বিবেচনা করেই কর্মসূচি দিয়েছি।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা ৩২তম বার্ষিকীর অনুষ্ঠান পরিদর্শনে এসে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
জনগণকে আরো বেশি করে সম্পৃক্ত করার জন্য এমন কর্মসূচি দেয়া হয়েছে এমন দাবি করে নজরুল ইসলাম খান বলেন, এতেও যদি জনগণের সমস্যার সমাধান না হয় তবে সরকারের পছন্দ অনুযায়ী জনগণ আন্দোলন করবে।
সোনালী ব্যাংকের কোটি কোটি টাকা লুটের ঘটনায় কারা জড়িত জনগণ জানতে চায় উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতাবানদের সহযোগিতা ছাড়া কয়েকজন ব্যাংক কর্মকর্তা এ কাজ করতে পারে না।
নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি করে বিএনপির এই নেতা বলেন, একদলীয় বা বহুদলীয় নয়, নিরপেক্ষ সরকারের অধীনে দেশের মানুষ নির্বাচন দেখতে চায়।
এ সময় স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল অভিযোগ করেন প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সরকারি দলের নেতা-কর্মীরা তাদের ব্যানার ছিঁড়ে ফেলেছে। এছাড়াও তাদের নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। সারা দেশে বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন