মাওয়া-কাওড়াকান্দি রুটে স্পিডবোটে ঈদে বাড়িমুখো মানুষদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ে বাধা দেওয়ায় ইউএনও পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের গাড়িতে হামলা চালিয়েছে ইজারাদাররা।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক লৌহজংয়ের ইউএনও মো. সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে মাওয়ায় স্পিডবোটে বেশি ভাড়া আদায়ের সময় দুজনকে হাতেনাতে আটক করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালতের গাড়িতে হামলা চালায় স্পিডবোট ঘাটের ইজারাদারের লোকজন।
মাওয়া-কাওড়াকান্দি রুটে সরকার নির্ধারিত ভাড়া ১২০ টাকা। কিন্তু ঈদ উপলক্ষে ১৫০-২০০ টাকা আদায় করা হচ্ছিল।
ইজারাদারদের লোকজনের হামলায় লৌহজংয়ের ইউএনওর গাড়িচালক আতাউর রহমান (২৮) আহত হন। পুলিশের কাছ থেকে আটক সাব্বির হোসেনসহ (২৫) আরও একজনকে ছিনিয়েও নিয়ে যায় তারা।
সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় পরে আটজনকে আটক হয়েছে। তবে ইজারাদার স্থানীয় মেদিনী মণ্ডলের ইউপি যুবলীগের সভাপতি হামিদুল ইসলামসহ ২০/২৫ জন নদী সাঁতরে পালিয়ে গেছে।
স্থানীয়দের অভিযোগ, মাওয়া পুলিশ ফাঁড়িকে মাসোয়ারা দিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করে আসছিলেন ইজারাদাররা। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন মাওয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খন্দকার খালেদ।
হামলার ঘটনার পর মাওয়া ঘাটে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন