চলচ্চিত্রে পূর্ণিমার যাত্রা শুরু হয়েছিল রিয়াজের সঙ্গে। তার প্রথম ছবি ‘এ জীবন তোমার আমার’-এর নায়ক ছিলেন রিয়াজ। সেই থেকে শুরু। তারপর দীর্ঘ ১৫ বছরে অনেক ছবি সাফল্য ব্যর্থতা দুয়ে মিলে রোমান্টিক ছবির সফল জুটি হিসেবে তাদেরকে প্রতিষ্ঠিত করে ‘মনের মাঝে তুমি’, ‘হৃদয়ের কথা’, ‘আকাশ ছোঁয়া ভালবাসা’, ‘বাধা’ সহ বেশ কিছু ছবি।
কাজ করতে গিয়ে একটা সুসম্পর্ক, তার পর আবার সেটা শীতল হয়ে ওঠে। এরই মধ্যে দু’জন আলাদাভাবে সংসারী হয়ে উঠলে তাদের জুটির মধ্যে ফাটল ধরে যায়। একজন আরেকজনের সঙ্গে কাজ করার আগ্রহ হারিয়ে ফেললে তাদের দু’জনের ছবির সংখ্যাও কমতে থাকে। একপর্যায়ে সেটা এসে প্রায় তলানিতে গিয়ে ঠেকেছে। রিয়াজ-পূর্ণিমা জুটির আর মাত্র একটি ছবি রয়েছে মুক্তির মিছিলে। ছবির নাম ‘লোভে পাপ পাপে মৃত্যু’। ছবিটি পরিচালনা করেছেন সোহানুর রহমান সোহান। সন্ধ্যানী কথাচিত্রের ব্যানারে নির্মিত এই ছবিটি আগামী ডিসেম্বরে মুক্তি পাবে। রিয়াজ-পূর্ণিমার সঙ্গে এই ছবিতে আরও রয়েছেন আমিন খান। জমজমাট গল্প নিয়ে ছবিটি নির্মাণ করেছেন নির্ভরশীল পরিচালক সোহানুর রহমান সোহান।
‘লোভে পাপ পাপে মৃত্যু’ প্রসঙ্গে পরিচালক সোহান বলেন, এটি একটি গল্পনির্ভর ছবি। রিয়াজ-পূর্ণিমা একসঙ্গে অনেক ছবিতে কাজ করেছেন। কিন্তু এ ধরনের গল্প তারা পাননি। আমার বিশ্বাস ‘লোভে পাপ পাপে মৃত্যু’ দর্শকদের মন জয় করবে এবং রিয়াজ-পূর্ণিমা যদি চায় তাহলে তারা একসঙ্গে আরও অনেক ছবিতে কাজ করতে পারবে।
পূর্ণিমার সঙ্গে শেষ ছবি প্রসঙ্গে রিয়াজ বলেন, চলচ্চিত্রে শেষ বলে কোন কথা নেই। একসঙ্গে অনেক ছবি করেছি। এখন করছি না কিংবা হচ্ছে না। ভবিষ্যতে হলেও হতে পারে।
পূর্ণিমা বলেন, অভিনয় করতে গিয়ে আমি আমার চরিত্র দেখেছি, পরিচালক দেখেছি। নায়ক কে সেটা খুব একটা দেখিনি। আবার যদি ভাল প্রস্তাব পাই, ভাল ছবি হয় তাহলে আমি অবশ্যই করবো। উল্লেখ্য, রিয়াজ-পূর্ণিমা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবির নাম ‘বন্ধু তুমি আমার’। যা গত ঈদে চ্যানেল আই’তে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন