প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে গিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের টাঙ্গাইল-৫ আসনের বিএনপির সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়া মাহমুদুল হাসান।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে শেরে বাংলা নগরে টাঙ্গাইলের নেতা-কর্মীসহ মাহমুদুল হাসানকে নিয়ে জিয়ার কবর জিয়ারতে যান দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তারা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।
আদালতের রায়ে বুধবার জাতীয় সংসদের টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেন মাহমুদুল। জাতীয় সংসদের স্পিকার মো. আবদুল হামিদ তাকে শপথবাক্য পাঠ করান।
২০০৮ সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ আসনে জাতীয় পার্টির আবুল কাশেম এক লাখ ৪৭ হাজার ১৫২ ভোট পেয়ে বিজয়ী হন। দ্বিতীয় সর্বোচ্চ ৭২ হাজার ৮০৫ ভোট পান বিএনপি প্রার্থী মাহমুদুল হাসান।
পরে আবুল কাশেমকে বিল ও ঋণখেলাপি উল্লেখ করে মাহমুদুল হাসান ২০০৯ সালের ফেব্রুয়ারিতে নির্বাচনি ট্রাইব্যুনালে মামলা করেন। এরপর হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে আবুল কাশেমের সদস্যপদ বাতিল করে ওই আসনে মাহমুদুল হাসানকে বিজয়ী ঘোষণা করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়।
সবশেষে রায় পুনর্বিবেচনার জন্য আবুল কাশেম রিভিউ পিটিশন দাখিল করলে তাও খারিজ হয়ে যায়।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন