নাটোরের বড়াইগ্রামের নাটোর-পাবনা মহাসড়কের গড়মাটিতে বাসের ধাক্কায় পাঁচ স্কুলছাত্র নিহত ও ১৯জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। নিহত ও আহতরা সকলেই কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মাবিয়া গ্রামের বাসিন্দা।
বনপাড়া হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ দ্বীন-ই ইসলাম জানান, মঙ্গলবার দুপুর সোয়া ১২ টার দিকে কুষ্টিয়া থেকে একটি বিআরটিসি বাস বড়াইগ্রামের গড়মাটি মুচিপাড়া এলাকায় একটি নছিমনকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। এ সময় আহত হয় অন্তত ১৯ জন।
এদের মধ্যে হাসপাতালে নেয়ার পথে আরো দুইজন মারা যায়। নিহত পাঁচজনের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে।
নিহতরা হলেন কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মাবিয়া গ্রামের লালু মিয়ার ছেলে জয়নাল (১৬) খলিলুদ্দিনের ছেলে নান্টু (১৫), আরজানের ছেলে মিলন (১৪) ও শফিউলের ছেলে সুজন (১৬)। তারা সবাই ৮ম ও ৯ম শ্রেণীর ছাত্র। ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ।
আহত অপর একটি নছিমন চালক আরিজুল জানান, তারা তিনটি নছিমন যোগে ওই এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন স্কুলছাত্র নাটোরের রাজবাড়ী ও উত্তরা গণভবনে বেড়াতে আসছিল।
আহত ১৯ জনকে বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর প্রতিবাদে এলাকাবাসী রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে।
পরে বড়াইগ্রামের উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম গিয়ে বিক্ষোভ কারীদের শান্ত করে। বিক্ষোভকারীরা আধা ঘণ্টা পর অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন