সার্বিক দিক থেকে এই মুহূর্তে স্বস্তিতে নেই মাহফুজুর রহমানের এটিএন বাংলা। বিগত কয়েক সপ্তাহের টিআরপি রিপোর্ট সে বিষয়টিই স্পষ্ট করেছে। এখন আর সেভাবে চ্যানেলটির দাপট আর চোখে পড়ে না। একেবারে সাদামাটা অবস্থান নিয়েই চ্যানেলটিকে সন্তুষ্ট থাকতে হচ্ছে।
৩২তম সপ্তাহে (আগস্ট ৪-১০) প্রকাশিত টিআরপিতে সার্বিক বিচারে এটিএন বাংলার শেয়ার ছিল ১.৩৭। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে, জিইসি (জেনারেল এন্টাটেইনমেন্ট চ্যানেল) হয়েও এটিএন বাংলা একই গ্রুপের আরেক চ্যানেল এটিএন নিউজের চেয়েও সংশ্লিষ্ট সপ্তাহে শেয়ারের দৌড়ে পিছিয়ে ছিল। ওই সপ্তাহে এটিএন নিউজের শেয়ার ছিল ১.৪৬।
এদিকে, একই ঘরানার প্রতিদ্বন্দ্বী চ্যানেলের চেয়েও এটিএন পিছিয়ে ছিল বেশ খানিকটা। শীর্ষ চ্যানেলের সাথে ওই সপ্তাহে শেয়ারের ফারাকও ছিল বেশ। সংশ্লিষ্ট সপ্তাহে টিআরপিতে শীর্ষ চ্যানেলটির শেয়ার ছিল ২.০৮।
টিআরপি রিপোর্ট বিশ্লেষণে দেখা যাচ্ছে- চার সপ্তাহ মিলিয়ে এটিএন বাংলার গড় শেয়ার গিয়ে দাঁড়িয়েছে ১.৫৮-এ । সপ্তাহগুলো হচ্ছে- ২৯ (১.০১ শেয়ার); ৩০ (২.০০ শেয়ার); ৩১ (১.৮৩ শেয়ার) এবং ৩২তম (১.৩৭ শেয়ার)। টিআরপি রিপোর্ট অনুযায়ী ২৯তম সপ্তাহের শেয়ারের চেয়ে ৩০তম সপ্তাহের শেয়ার প্রায় দ্বিগুণ বাড়ে। তবে এরপর থেকেই শেয়ার পড়তে শুরু করে। সর্বশেষ প্রকাশিত টিআরপিতে সে ধারা অব্যাহত ছিল।
টিআরপির জিপিআই (জেনরে পারফরমেন্স ইনডেক্স) এটিএন বাংলার দৈন্যদশার কথাই তুলে ধরছে। ৩২তম সপ্তাহের জিআরপি অনুযায়ী নাটক বিভাগে চ্যানেলটির অবস্থান ৮-এ। বাংলা ছবি শাখায় এর অবস্থান ১২ নম্বরে। সংবাদে এটি রয়েছে ১১ নম্বরে। টক শোতে এর অবস্থান ১৬ নম্বরে এবং সঙ্গীত শাখায় এর অবস্থান ছিল ১২ নম্বরে। অর্থাৎ কোনো বিভাগেই শীর্ষস্থানে নেই এটিএন বাংলা।
এদিকে, টিআরপির টপরেটেড অনুষ্ঠানের তালিকার ৬টি বিভাগের অনুষ্ঠানের মধ্যে শুধুমাত্র বিবিধ অনুষ্ঠান শাখায় এটিএন বাংলার একটিমাত্র অনুষ্ঠান স্থান পেয়েছে। এটি হচ্ছে ইসলামি সাওয়াল জওয়াব। অনুষ্ঠানটি প্রচারিত হয় ৮ আগস্ট বুধবার বিকেল ৫.২৬ মিনিটে। সংবাদ, নাটক, বাংলা ছায়াছবি, টক শো কিংবা সঙ্গীতানুষ্ঠান কোনো তালিকাতেই স্থান পায়নি চ্যানেলটিতে সংশ্লিষ্ট সপ্তাহে প্রচারিত কোনো অনুষ্ঠান বা সংবাদের।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন