সেপ্টেম্বর থেকে জনবল নিয়োগ প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে সম্প্রচারের অপেক্ষায় থাকা দুই চ্যানেল এশিয়ান টিভি এবং দীপ্তবাংলা। বিষয়টি চূড়ান্ত বলেই চ্যানেল দুটির সূত্র থেকে জানা গেছে।
সূত্র জানাচ্ছে, সেপ্টেম্বরের শুরুতেই এশিয়ান টিভি এবং দীপ্তবাংলা জনবল সংক্রান্ত বিজ্ঞাপন নিয়ে মাঠে নামছে। নিয়োগ প্রক্রিয়াও পাশাপাশি শুরু করবে তারা। যতটা দ্রুত সম্ভব এখন এই চ্যানেল দুটি সম্প্রচার শুরু করতে চায়। তবে, পূর্ণাঙ্গ সম্প্রচারের আগে দুটি চ্যানেলই পরীক্ষামূলক সম্প্রচারে যাবে বলে জানা গেছে।
এশিয়ান টিভির নেতৃত্বে রয়েছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পপতি হারুনুর রশীদ। তার সাথে রয়েছেন মিজানুর রহমান। চ্যানেলটির প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন বেণু শর্মা। এরইমধ্যে চ্যানেলটির বেশ কিছু শীর্ষপদে জনবল নিয়োগ করা হয়েছে। আরো কিছু পদে শিগগিরই নিয়োগ দেয়া হবে। চ্যানেলটিতে বেশকিছু অনুষ্ঠান প্রযোজককেও নিয়োগ দেবার কথা রয়েছে।
এশিয়ান টিভি দেশের দ্বিতীয় সম্পূর্ণ বিনোদনমূলক চ্যানেল হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। চ্যানেলটি সাজানো হচ্ছে শুধুই অনুষ্ঠান দিয়ে। মূল ধারার সংবাদ প্রচারের ইচ্ছে আপাতত কর্তৃপক্ষের নেই। তবে, চ্যানেলটি বাণিজ্যিক সংবাদ প্রচার করা হবে বলে জানা গেছে।
দেশের খ্যাতনামা উদ্যোক্তা কাজী জাহেদুল হাসানের কাজী ফার্মসের অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছে দীপ্তবাংলা। এখনও চ্যানেলটির কোনো শীর্ষপদেই নিয়োগ দেয়া না হলেও বেশ কয়েকজনের সাথে আলোচনা হয়েছে বলে জানা গেছে। তাদের মধ্য থেকে কেউ কেউ আগামী মাসের শুরুতেই যোগ দিতে পারেন।
দীপ্তবাংলা হবে মিশ্র ঘরাণার (জেনারেল এন্টারটেইনমেন্ট চ্যানেল) টিভি চ্যানেল। এতে অনুষ্ঠানের পাশাপাশি থাকবে সংবাদও। তবে, অনুষ্ঠান বা সংবাদ বিভাগের প্রধান হিসেবে চ্যানেলটিতে কারা যোগ দিচ্ছেন এখনো পর্যন্ত সে বিষয়টি চূড়ান্ত করা যায়নি।
সূত্র জানায়, বেশ কয়েকজনের সাথেই কাজী জাহেদুল হাসান নিজে কথা বলেছেন। তবে, এখনও তিনি সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারেননি। ঈদের পরেই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানা গেছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন