অলিম্পিক স্বর্ণপদকের খুব কাছে গিয়েও জেতা হয়নি। সে ধাক্কা সামলে ইউএস ওপেনে দুর্দান্ত শুরু রাশান সুন্দরী মারিয়া শারাপোভার। হাঙ্গেরির ম্যালিঙ্গ সিঙ্ককে সরাসরি ৬-২, ৬-২ সেটে উড়িয়ে দিয়ে ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন শারাপোভা। অথচ ম্যাচ শেষে শারাপোভাকে কথা বলতে হয়েছে বিব্রতকর একটি বিষয় নিয়ে। তিনি আসলে গর্ভবতী কী না? মিডিয়ার সেই প্রশ্নের জবাব দিতে হয়েছে এই রাশান সুন্দরী টেনিসকন্যাকে। মেয়েদের টেনিসে সাবেক নাম্বার ওয়ান শারাপোভার 'গর্ভবতী' হওয়া নিয়ে মিডিয়ায় জোর গুঞ্জন চলছে।
২৫ বছরের শারাপোভা এখনো বিয়েটাই করেননি। কবে করবেন, এমন ঘোষণাও দেননি। কিন্তু মিডিয়ায় জোর গুঞ্জন, শারাপোভা তার গর্ভে সন্তান ধারণ করেছেন! শুধু তাই নয়, কোটি ভক্তের হৃদয় ভেঙে আগামী নভেম্বরে বিয়ের পিঁড়িতেও বসতে যাচ্ছেন! তবে শারাপোভা সংবাদ সম্মেলনে স্পষ্ট করেই জানালেন, তাকে নিয়ে যেসব গুঞ্জন চলছে, তার কোনোটাই সত্যি নয়। তিনি বলেছেন, 'আমি ভালো আছি, গর্ভবতী নই।' শারাপোভার গর্ভবতী হওয়া নিয়ে গুঞ্জনের সূত্রপাত আগস্ট মাসের শুরুর দিকে, অলিম্পিক শেষে।
অলিম্পিক টেনিসের ফাইনালে সেরেনা উইলিয়ামসের কাছে হেরে শারাপোভা জানান, তিনি পেটে প্রচ- ব্যথা অনুভব করছিলেন। ম্যাচ শেষেই পেটের বেশ কিছু পরীক্ষাও করিয়েছিলেন। একই কারণে এরপর মন্ট্রিল কাপ ও সিনসিনাটি ওপেনে অংশ নেননি শারাপোভা। তাতেই দুয়ে দুয়ে চার মিলিয়ে শারাপোভাকে গর্ভবতী বানিয়ে দেয় মিডিয়া! ইউএস ওপেনে অংশ নিয়ে সব জল্পনার শেকড়ে জল ঢেলে দিলেন শারাপোভা। তিনি বলেছেন, 'পেটে ভাইরাস সংক্রমণ হয়েছিল, সেজন্য কিছু পরীক্ষা করিয়েছিলাম। চিকিৎসকরা আমাকে কিছুদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন। এ কারণে দেশে ফিরে গিয়েছিলাম।' বিয়ের গুঞ্জন প্রসঙ্গে শারাপোভা বলেছেন, 'আমি নভেম্বরে বিয়ে করছি না, ফলে গুঞ্জনটা সত্যি নয়। লোকে যখন এসব গুঞ্জন বিশ্বাস করে, আমার কাছে খুব অবাক ও কষ্ট লাগে।' রয়টার্স।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন