সংবাদ ২৪: তিন বছরেরও বেশি সময় পর চট্টগ্রাম নগর আওয়ামী লীগের কোনো সাংগঠনিক কর্মসূচিতে এক সঙ্গে অংশ নিলেন বিবদমান তিন নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরী, আফসারুল আমীন ও নুরুল ইসলাম বিএসসি।
বুধবার বিকালে নগরীর মুসলিম হলে নগর আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা অনুষ্ঠানে এই তিন নেতা ও তাদের অনুসারীরা একসঙ্গে অংশ নেন।
এর আগে এই বছরে বিচ্ছিন্নভাবে তিন নেতা ২৮ মার্চ চট্টগ্রামে শেখ হাসিনার জনসভা এবং সভাপতিমণ্ডলীর সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবুর সংবর্ধনা অনুষ্ঠানে একই মঞ্চে অংশ নিয়েছিলেন।
তবে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের নিজস্ব কর্মসূচিতে গত সংসদ নির্বাচনের পর থেকে তারা একসঙ্গে হননি।
নগর সভাপতি মহিউদ্দিন চৌধুরী, যুগ্ম সম্পাদক ও প্রাথমিক গণশিক্ষামন্ত্রী আফসারুল আমীন এবং সহ-সভাপতি সংসদ সদস্য নুরুল ইসলাম বিএসসি আলাদাভাবে নগর আওয়ামী লীগের ব্যানারে জাতীয় ও দলীয় কর্মসূচি পালন করে আসছিলেন।
এই কর্মসূচি একত্রে পালনের আহ্বান নিয়ে নগর সভাপতি মহিউদ্দিন গত বৃহস্পতি ও শুক্রবার নুরুল ইসলাম ও আফসারুল আমীনের বাসায় যান। ওই সময়ই দলীয় কর্মসূচিতে একত্রে অংশগ্রহণের বিষয়ে সাড়া মিলেছিল।
বিকাল ৩টায় মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা শুরুর পর সাড়ে ৩টার দিকে নুরুল ইসলাম তার অনুসারীদের নিয়ে এবং ৪টার দিকে আফসারুল আমীন অনুষ্ঠানস্থলে আসেন।
আফসারুল আমীন ও নুরুল ইসলাম বিএসসির অনুসারী নগর আওয়ামী লীগ নেতারাও অনুষ্ঠানে বক্তব্য দেন।
নগর কমিটি আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক অনুপম সেন।
তিনি আলোচনা সভায় বলেন, বঙ্গবন্ধুই বাংলাদেশকে প্রথম স্বাধীন জাতিরাষ্ট্র দিয়েছিলেন। তিনি দুইশ বছরের পরাধীনতা থেকে এদেশকে মুক্ত করেছিলেন একটি সুখী সুন্দর বাংলাদেশ গড়ার জন্য।
বিশেষ অতিথির বক্তব্যে নুরুল ইসলাম বিএসসি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে বিরোধী দল নানা কর্মকাণ্ড শুরু করেছে। এ থেকে রক্ষার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।
তিনি বলেন, “আমরা যাই করি, বঙ্গবন্ধুর আদর্শে আমরা এক ও অভিন্ন।”
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমীন বিশেষ অতিথির বক্তব্যে বলেন, বিএনপি আগামীতে আন্দোলন করে দেশকে অস্থির করার চেষ্টা করবে। তারা ক্ষমতায় যেতে নয়, তারা যুদ্ধাপরাধীদের বাঁচাতে এ আন্দোলন করবে।
“এ জায়গায় আমাদের সতর্ক থাকতে হবে।”
সভাপতির বক্তব্যে মহিউদ্দিন চৌধুরী বলেন, চক্রান্তকারীরা তাদের স্বার্থ হাসিলের জন্য হুমকি-ধামকি দিয়ে যাচ্ছে। এর জবাব আওয়ামী লীগ আগামীতে ঐক্যবদ্ধভাবে দেবে।
সভায় অন্যান্যের মধ্যে নগর কমিটির সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু, সহ-সভাপতি বেলায়েত হোসেন, মাহতাব উদ্দিন চৌধুরী, নঈম উদ্দিন চৌধুরী, সুনীল সরকার, যুগ্ম সম্পাদক ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক বক্তব্য রাখেন।
আফসার ও নুরুল ইসলামের অনুসারী সিডিএ চেয়ারম্যান ও নগর কমিটির কোষাধ্যক্ষ আবদুচ ছালাম মঞ্চে উপস্থিত থাকলেও তিনি বক্তব্য দেননি।
এর আগে নগরীর দারুল ফজল মার্কেটে দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।
এর বাইরে নগরীতে চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শোক দিবস উপলক্ষে অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন