শতাধিক আরোহী নিয়ে একটি জাপানি বিমান প্রশান্ত মহাসাগরে পড়তে পড়তে সৌভাগ্যক্রমে অল্পের জন্য বেঁচে গিয়েছিল। কো-পাইলটের সামান্য ভুলেই এই মারাত্মক দুর্ঘটনাটি ঘটতে যাচ্ছিল। কিন্তু চূড়ান্ত মুহূর্তের আগে টের পাওয়ায় প্রশান্ত মহাসাগরে সলিল সমাধি হওয়া থেকে বেঁচে যায় বিমানের ১১৭ যাত্রী ও ক্রুরা। গত বছরের সেপ্টেম্বর মাসে অল নিপ্পন এয়ারওয়েজের (এএনএ) এই বিমানটি ওকিনাওয়া থেকে প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে টোকিও যাওয়ার পথে ৪১ হাজার ফুট উচ্চতা থেকে কো-পাইলটের একটি ভুলের কারণে ৩০ সেকেন্ডের মধ্যে সোজা ৬ হাজার ৩০০ ফুট নিচে নেমে গিয়েছিল। জাপানের পরিবহন নিরাপত্তা বোর্ড এ খবর জানায়।
বিমানের পাইলট বাথরুম থেকে ফেরার পর কো-পাইলট তাকে ককপিটের দরজা খুলে দেন। এরপর দরজা বন্ধ করতে গিয়ে ভুল করে রাডার কন্ট্রোল সুইচে টিপ দিয়ে ফেলেন। আর এতেই ঘটে যায় বিপত্তি। বিমানটি সোজা নিচে নামতে থাকে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হল কো-পাইলট প্রায় ১৭ সেকেন্ড পর্যন্ত বুঝতেই পারেননি যে, বিমানের কী ঘটছে বা তিনি কী ভুল করেছেন। তার ভুলের কারণে বিমানটি ডান দিকে ঘুরে গিয়ে এক পর্যায়ে বাম দিকে ১৩০ ডিগ্রি কাত হয়ে পড়ে।
তবে বাইরে অন্ধকার থাকায় আরোহীরা বুঝতেই পারেননি যে বিমানটি প্রায় উল্টে যেতে বসেছিল। তবে চূড়ান্ত মুহূর্তের আগেই ঘটনা টের পাওয়ায় বিপদ এড়ানো সম্ভব হয় এবং বিমানটি পরে নিরাপদে টোকিওর হানেদা বিমান বন্দরে অবতরণে সক্ষম হয়। স্থানীয় সময় রাত ১০টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটে। সূত্র: এএফপি।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন