মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তিতে পরীক্ষা নেয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল আলম হানিফ।
তিনি বলেন, শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে মেডিকেলে ভর্তির স্বপ্ন নিয়ে আছে। আমি আশা করছি, স্বাস্থ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বাস্তবতা বুঝে ব্যবস্থা নিবেন। শিক্ষার্থীদের দীর্ঘ দিনের লালিত স্বপ্ন পূরণ করে দেবেন।
বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তেন জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ছাত্রলীগ এ সভার আয়োজন করে।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মোল্ল্লার সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী এমপি, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আফজাল হোসেন, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ প্রমুখ বক্তব্য রাখেন।
‘সরকারের জনপ্রিয়তা শূণ্যের কোঠায়’ বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে মাহবুব-উল-আলম হানিফ বলেন, তাহলে নির্বাচনে আসুন। প্রমাণ করুন জনগণ আমাদের সাথে নেই, আপনাদের সাথে আছে।
তিনি বলেন, বিএনপি আসলে বুঝতে পেরেছে জনগণের মনে তাদের কোন স্থান নেই। যে কারণেই তারা উপ-নির্বাচনে অংশ গ্রহণ করছে না। বাংলাদেশের মানুষ আর আপনাদের ক্ষমতায় দেখতে চায় না।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বলেন, কোন দুর্ঘটনা ঘটলেই গাড়ি ভাংচুর ও গাড়িতে আগুন দেওয়া হবে ছাত্র সমাজের কাছে দেশের মানুষ এমনটা আশা করে না। ছাত্র সমাজ দেশের ভবিষ্যৎ।
তিনি বলেন, আমি আশা করি এই ধরনের ঘটনার জন্য আপনারা গাড়ি ভাংচুর করবেন না। গাড়িতে আগুন দেবেন না। ‘বর্তমান সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো না’ বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে হানিফ বলেন, বেগম খালেদা জিয়া আসলে ভালো কিছুই দেখতে পান না।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর যে একটি স্থানেও বোমা হামলা হয়নি, বাংলা ভাইয়ের সৃষ্টি হয়নি, জঙ্গিবাদীদের উত্থান ঘটেনি এটা কি আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো না?
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেন, শোক দিবসে জন্মদিন উদযাপনের আনন্দ-উল্লাস থেকে বিরত থাকুন। তা না হলে জনগণ কখন আপনাকে ঘেরাও করে ফেলবে বুঝতে পারবেন না। তিনি বিএনপিকে ধ্বংসাত্মক রাজনীতি থেকে সরে আসার আহ্বান জানান।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন