বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মেনে সহযোগী প্রতিষ্ঠান বিকাশ লিমিটেডের কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে দাবি করেছে বেসরকারি ব্যাংক ব্র্যাক।
মঙ্গলবার প্রতিষ্ঠান দুটির এক যৌথ বিবৃতিতে এ কথা বলা হয়।
বিকাশ লিমিটেডের কার্যক্রম নিয়ে ভুল ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রকাশ শীর্ষক ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘সাম্প্রতিক সময়ে বিভিন্ন পত্র পত্রিকায় ব্র্যাক ব্যাংক লিমিটেড এবং তার অঙ্গ প্রতিষ্ঠান বিকাশ লিমিটেডের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রণীত নিয়ম-নীতি ভঙ্গ করার অভিযোগ করা হয়েছে। এই সব সংবাদে ভুল তথ্য উত্থাপন করা হয়েছে এবং প্রকৃত তথ্যের ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে। সংবাদগুলো ব্র্যাক ব্যাংক লিমিটেড ও বিকাশ লিমিটেডের সম্মানিত গ্রাহক, পৃষ্ঠপোষক ও অংশীদারদের মনে অস্থিরতার সৃষ্টি করেছে।’
শুরু থেকেই বিকাশ লিমিটেড বাংলাদেশ ব্যাংকের সুস্পষ্ট নির্দেশনা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করছে বলে এতে দাবি করা হয়েছে।
‘ব্র্যাক ব্যাংক বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী বিকাশ লিমিটেডের কার্যক্রমের দায়িত্ব বহন করে। সব বিকাশ মোবাইল অ্যাকাউন্টের বিপরীতে যে প্রাক্কলিত অর্থ জমা আছে, বাংলাদেশ ব্যাংকের নির্দেশ অনুযায়ী তা ব্র্যাক ব্যাংকেরই একটি অ্যাকাউন্টে গচ্ছিত আছে।’
বিবৃতিতে বলা হয়েছে, বিকাশের যাবতীয় তথ্য বাংলাদেশ ব্যাংকের পূর্ণ নজরে রয়েছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন